২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মতো নাটোরের ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন গত সোমবার শেষ হয়েছে। এরপর ২৩ মার্চ এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলার সাত আসামিকে দেশের বিভিন্ন কারাগার থেকে সোমবার দুপুর ১২টার দিকে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতে হাজির করা হয়। এরপর অতিরিক্ত দায়রা জজ প্রদীপ কুমার রায়ের আদালতে মামলার কার্যক্রম শুরু হয়। শুরুতে রাষ্ট্রপক্ষ থেকে যুক্তি উপস্থাপন করেন নাটোরের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবদুল হাই। পরে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালতের বিচারক ২৩ মার্চ রায় ঘোষণার দিন ধার্য করেন।
মামলার শুনানির সময় আদালতে উপস্থিত থাকা সাত আসামি হলেন শফিউর ওরফে তারেক, আবদুর রশিদ, সিহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান, শহিদুল ও আবদুল মতিন। তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।