নাটোরে শিশু অপহরণের দায়ে এক নারীর ১৪ বছর কারাদণ্ড
শিশু অপহরণের দায়ে রুমা খাতুন নামের এক নারীকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালত ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ এ সাজা দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৫ জুন সকাল সাড়ে আটটার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফস প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী প্রান্তি রোজারিওকে খাবারের প্রলোভন দেখিয়ে শ্রেণিকক্ষ থেকে রুমা খাতুন অপহরণ করেন। পথে বনপাড়া কারিতাস ভবনের সামনে প্রান্তির প্রতিবেশী সোহেল শিশুটির সঙ্গে রুমাকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় রুমা আবোলতাবোল কথা বলতে থাকেন। এক পর্যায়ে শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেন। তিনি বলেন, শিশুটিকে অহরণের পর আলাউদ্দিন, রিনি, মিঠু, শাবু, আরিফ ও জাকির নামের ছয় যুবকের হাতে তুলে দেওয়ার কথা। এ জন্য ওই যুবকেরা তাঁকে এক লাখ দিয়েছে। পরে রুমাকে ধরে পুলিশে দেয় এলাকাবাসি।
এ ব্যাপারে প্রান্তির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলারিয়াম রোজারিও বড়াইগ্রাম থানায় এজাহার দায়ের করেন। পরে আসামি রুমা খাতুন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিজানুর রহমানের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুব্রত কুমার আসামি রুমা খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০১১ সালের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। রুমা নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা চড়পাড়া গ্রামের রবিউল সালামের মেয়ে।