নাটোরে শিশু হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে ছয় বছরের একটি শিশুকে হত্যার দায়ে গতকাল বুধবার এক যুবকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ ছাড়া গাজীপুরের টঙ্গীতে হত্যা মামলায় আরেকজনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
নাটোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাহারুল ইসলামের (২৯) ফাঁসির আদেশ দিয়েছেন নাটোরের অতিরিক্ত দায়রা জজ প্রদীপ কুমার রায়। পাশাপাশি আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাহারুল নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আক্কেল আলীর ছেলে। তিনি পলাতক আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৬ নভেম্বর সকালে রাধাকান্তপুর গ্রামের মুকরুম আলীর মেয়ে মোসাদ্দিকা খাতুন মুক্তিকে প্রতিবেশী সাহারুল শালুক তুলে দেওয়ার লোভ দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে সোনার দুল কেড়ে নিতে গেলে মুক্তি বাধা দেয়। তখন সাহারুল ওই শিশুকে গলা টিপে হত্যা করেন এবং লাশ ঘরের মাটিতে পুঁতে রাখেন।
গাজীপুরের টঙ্গীতে নুরুল ইসলাম নামে একজনকে হত্যার দায়ে রমজান নামের এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকেলে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন। রমজান টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ওয়াহেদ আলীর ছেলে।
গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, আসামিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণাকালে আসামি রমজান আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৪ মার্চ ঝিনু মার্কেট এলাকায় শত্রুতার জেরে আসামি রমজান নুরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেন। দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন রমজানকে ছোরাসহ আটক করে পুলিশে দেন। আদালত সাতজনের সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে ফাঁসির রায় দিয়েছেন।