নাটোরে সাত মাস একঘরে বিধবা পরিবার
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রাম পূর্বপাড়ায় সাত মাস ধরে একটি পরিবারকে একঘরে করে রেখেছেন স্থানীয় মাতবরেরা। ওই পরিবারের বিধবা নারী ও তাঁর মেয়েকে পিটিয়ে জখম করলে থানায় মামলা করায় এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আদগ্রাম পূর্বপাড়ায় মৃত প্রফুল্ল চন্দ্রের স্ত্রী লতা রানী (৬০) তাঁর দুই মেয়ে পার্বতী রানী (৩০) ও পূরবী রানীকে (২৫) নিয়ে বসবাস করছেন। গত মে মাসের মাঝামাঝি সময়ে তাঁদের একটি গাছের আম পাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী প্রদীপ সরকারের লোকজন লতা ও তাঁর ছোট মেয়েকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় তাঁরা থানায় মামলা করেন। পরে বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসা করা হয়। কিন্তু মামলা করায় হিন্দুধর্মাবলম্বী নেতাদের অপমান করা হয়েছে মর্মে অভিযোগ এনে সাত মাস ওই পরিবারটিকে একঘরে করে রাখা হয়েছে। তাঁদের ধর্মীয় কোনো আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হচ্ছে না।
লতা রানী বলেন, ‘আমার বিবাহযোগ্যা মেয়ে দুটির বিয়ের প্রস্তাব এলেও একঘরে করে রাখায় তাঁদের বিয়ে হচ্ছে না। আমাদের অসহায়ত্ব কাউকে বোঝাতে পারি না। আমরা অসহায় জীবনযাপন করছি।’
এ ব্যাপারে সমাজের প্রধান সনাতন চন্দ্র দাস বলেন, লতা রানী সমাজের বিচার-সালিস না মেনে থানায় মামলা করেছেন। তা ছাড়া, বিভিন্ন পূজা-পার্বণেও চাঁদা দেন না। এসব কারণে তাঁদের ঠিকে (একঘরে) করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’