নাটোরে সার নিয়ে শঙ্কিত কর্মকর্তারা
টানা খরার পর নাটোরের আকাশে মেঘ জমতে শুরু করেছে। গরমে অতিষ্ঠ লোকজন কায়মনোবাক্যে চাইছে বৃষ্টি হোক। কিন্তু বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) নাটোরের সার গুদাম কর্মকর্তা-কর্মচারীরা চাইছেন না বৃষ্টি। কারণ, ভারী বৃষ্টি হলে খোলা আকাশের নিচে মাটিতে রাখা প্রায় সাড়ে ২৭ হাজার মেট্রিক টন সার নিয়ে তাঁদের বিপাকে পড়তে হবে।
উচ্চপর্যায়ের সমন্বয়হীনতায় চাহিদার তুলনায় অনেক বেশি সার মজুত করতে বাধ্য হওয়ায় এসব সার খোলা আকাশের নিচে রাখতে হয়েছে তাঁদের। ফলে বৃষ্টিতে সারগুলো ভিজে নষ্ট হবে।
নাটোরের বিসিআইসি সার গুদাম সূত্র জানায়, এখানকার গুদামের ধারণক্ষমতা ৮ হাজার মেট্রিক টন। অথচ রাখা হয়েছে সাড়ে ১৫ হাজার মেট্রিক টন সার। গুদামে তিল ধারণের ঠাঁই নেই। এরপরও ২৭ হাজার ৫৭৯ মেট্রিক টন সার বিসিআইসি কর্তৃপক্ষ এই গুদামে পাঠিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই বিপুল পরিমাণ সার গুদামের বাইরে মাটিতে ১৩টি স্তূপে (স্ট্যাক) খোলা আকাশের নিচে রেখেছে।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের পরিচালক ও নাটোরের সার ব্যবসায়ী আবদুস সালাম বলেন, ‘নভেম্বর থেকে মার্চ মাস (পিক আওয়ার) পর্যন্ত সারের সবচেয়ে বেশি চাহিদা থাকে। সে হিসাবে ব্যাপকহারে সার খালাস হতে এখনো আট মাস সময় হাতে রয়েছে। এত দিন এভাবে বাইরে খোলা স্থানে রেখে দিলে এসব সার কৃষকেরা কিনতে চাইবেন না। আমাদের পক্ষে বিক্রি করাও সম্ভব হবে না। তাই এই অসময়ে সার মজুত করা উচিত হচ্ছে না।’
নাটোর সার গুদামের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গাফ্ফার বলেন, কৃষি বিভাগের চাহিদাপত্র অনুসারে শিল্প মন্ত্রণালয় সারা দেশের জন্য সার কিনে থাকে। এসব সার নাটোরসহ বিভিন্ন গুদামে সংরক্ষণ করা হয়। পরে এসব সার ডিলারের মাধ্যমে কৃষকের কাছে বিক্রি করা হয়। এবারও ৬ লাখ মেট্রিক টন সার কেনা হয়েছে। কিন্তু এই সার সরবরাহ করা হচ্ছে পিক আওয়ারের পরে। ফলে প্রতিনিয়ত সারের মজুত বাড়ছে। গুদামে ধারণক্ষমতার অতিরিক্ত সার বাধ্য হয়ে তাঁরা খোলা জায়গায় রাখছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুজ্জামান বলেন, গত মার্চ মাসে নাটোরের ডিলাররা এখান থেকে সার উত্তোলন করেছেন ২ হাজার ৬৭২ মেট্রিক টন। অথচ চলতি এপ্রিল মাসে তাঁরা সারের চাহিদা দিয়েছেন মাত্র ৮৪৬ মেট্রিক টন। এভাবে আগামী নভেম্বর পর্যন্ত চাহিদা ক্রমেই কমতে থাকবে।
নাটোর সার গুদামের জ্যেষ্ঠ কর্মকর্তা মইদুল ইসলাম বলেন, ‘চাকরিজীবনে সার মজুত করা নিয়ে এবারের মতো এত দুশ্চিন্তা কখনোই করতে হয়নি। আকাশে মেঘ দেখলে আমি রাতে ঘুমাতে যেতে পারছি না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যেন ভারী বৃষ্টি না হয়। কারণ, সার জমাট বাঁধলে আমাকেই ঝামেলা পোহাতে হবে!’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সরকার বাইরে থেকে ৬ লাখ মেট্রিক টন সার কেনার পর অনেকটা হঠাৎ করেই দেশের শাহজালাল সার কারখানায় পূর্ণ মাত্রায় উৎপাদন শুরু হয়েছে। ফলে সারের সরবরাহ বেড়ে গেছে। উচ্চপর্যায়ে সমন্বয়হীনতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বিসিআইসির পরিচালক (বাণিজ্য) আবদুল হাইয়ের মতামত জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।