নাটোরে সিলিন্ডার বিস্ফোরণে তিন জন অগ্নিদগ্ধ
নাটোর শহরের বড় হরিশপুর এলাকার একটি ঝালাই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় হরিশপুর এলাকার বাচ্চু মিয়ার ঝালাই কারখানার শ্রমিকেরা একটি মাইক্রোবাস মেরামতের কাজ করছিলেন। এ সময় মাইক্রোবাসের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আগুনে কারখানার গ্যাস সিলিন্ডারটিও বিস্ফোরিত হয়। এতে শ্রমিক রাজু মিয়া, আবু বক্কর ও কারখানা মালিক বাচ্চু মিয়া অগ্নিদগ্ধ হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আতাউর রহমান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যাওয়ায় তা দোকানের সিলিন্ডারে ছড়িয়ে পড়ে।
নাটোর থানার ওসি আবদুস সাত্তার বলেন, ‘ঘটনা শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেননি।’