নাটোরে হত্যার দায়ে ভ্যানচালকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যানচালককে ছুরিকাঘাত করে হত্যা করার দায়ে নাটোরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গুচ্ছগ্রামের আবদুর রব চক্রার ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর দুপুরে বড়াইগ্রাম উপজেলার হারোয়া আমতলায় কালিকাপুর গুচ্ছগ্রামের ভ্যানচালক মুজদার সর্দার ও দেলোয়ার হোসেন বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দেলোয়ার হোসেন ধারালো ছুরি দিয়ে মুজদার সর্দারের বুকে আঘাত করেন। পরে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় নিহত মুজদার সর্দারের স্ত্রী লতা বেগম বাদী হয়ে ওই দিন বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজর টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।