নাটোরে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলার রহমান হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল সোমবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে বেকসুর খালাস দেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, আওয়ামী লীগের কর্মী নয়ন হোসেন এবং বিএনপির কর্মী ময়েন উদ্দিন, আবদুল করিম, শামসুল ইসলাম, তালেব হোসেন, রাজেবুল হাসান, মোহাম্মদ আলী, নাজিম উদ্দিন ও আলমগীর হোসেন। তাঁদের বাড়ি একই ইউনিয়নে।

পুলিশ ও মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, ফজলার চেয়ারম্যান গত বছরের ১৮ জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা সদরে সমন্বয় সভা শেষে তাঁর ভাতিজার সঙ্গে মোটরসাইকেলে করে কলম ইউনিয়ন পরিষদে ফিরছিলেন। উপজেলার হাজিপুর সাঐল গ্রামের কালীমন্দিরের কাছে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ফজলারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যার ঘটনায় ইব্রাহিম খলিলসহ ১৮ জনের নাম উল্লেখ করে সিংড়া থানায় মামলা করা হয়। চার মাস পর অভিযোগপত্র দেয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত বছরের ১০ নভেম্বর মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।