নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে জামায়াত শিবিরের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের গোপন সভা থেকে পুলিশ গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার জামায়াত এবং শিবিরের নয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল পোস্টার সাঁটার সময় ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর কলেজের মাঠ থেকে মঙ্গলবার রাতে জামায়াতের নেতা এনতাজুল হককে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক গতকাল দুপুরে জানান, এনতাজুল হক কয়েকজন সঙ্গী নিয়ে কলেজের মাঠে গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও এনতাজুল গ্রেপ্তার হন। নাটোর: সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, জামায়াতের কিছু নেতা-কর্মী মিছিল শেষে ইসলামি হাসপাতালে গোপন সভায় মিলিত হন। সভা চলাকালে পুলিশ শহর জামায়াতের আমির আতিকুল ইসলাম, জামায়াতের কর্মী জামাল উদ্দিন, মেহেদী হাসান, নূর ইসলাম ও জামহুরিয়া মাদ্রাসা শাখা শিবিরের সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে গোপন সভা করার অভিযোগে পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। এদিকে গতকাল রাতে জেলা জামায়াতের সদস্য জয়নাল আবেদিনকে নিজ বাসা থেকে এবং শহরের কান্দিভিটা মহল্লা মসজিদের সামনে থেকে জামায়েতের কর্মী রুবেল হোসেন ও মো. স্বপনকে গ্রেপ্তার করা হয়। নীলফামারী: জেলার সৈয়দপুরে গতকাল রাতে জামায়াত নেতাদের মুক্তির দাবি-সংবলিত পোস্টার সাঁটার সময় পুলিশ ছাত্রশিবিরের নেতা আবদুস সহিদকে (২২) গ্রেপ্তার করে। তাঁকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে। থানার ওসি ইসমাইল হোসেন জানান, সহিদ ছাত্রশিবিরের সৈয়দপুর শাখার অর্থ সম্পাদক।