নাটোর ও পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মঞ্জু হোসেন (২৫) নামে অপর একটি ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু হোসেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার করোজ গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, ঈশ্বরদীর পাকশী থেকে ছেড়ে আসা নওগাঁগামী বালুবোঝাই একটি ট্রাককে বগুড়াগামী অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ট্রাকের চালকের সহকারী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়িতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় আসাদুর রহমান সরকার নামে অগ্রণী ব্যাংকের পঞ্চগড় শাখার একজন কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের লিচুতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, অগ্রণী ব্যাংক পঞ্চগড় শাখার দ্বিতীয় কর্মকর্তা আসাদুর রহমান সরকার বাজার করে মোটরসাইকেলযোগে ডোকরোপাড়ার বাসায় ফিরছিলেন। এ সময় তেঁতুলিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অগ্রণী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক অমিয় সরকার ও পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।