সারা দেশে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুর অব্যাহত রয়েছে। গত রোববার রাতে নাটোর ও ফেনীতে হিন্দুদের দুটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই রাতে চাঁপাইনবাবগঞ্জ ও মুন্সিগঞ্জে প্রতিমা পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে খড়ের গাদায় আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দণ্ডাদেশের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় হিন্দুদের বাড়ি ও মন্দিরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালিয়ে আসছেন বলে সংশ্লিষ্ট এলাকাবাসীর অভিযোগ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রোববার রাত পৌনে একটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল হিন্দুপাড়ায় একটি খড়ের ঘরে ও চারটি খড়ের গাদায় আগুন দেয় দুষ্কৃতকারীরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় রাত সাড়ে তিনটার দিকে দমকল বাহিনী ও পুলিশ আগুন নেভায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিবেন সরকার বলেন, ‘আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভগবান সহায়, আমরা পুড়ে মরার হাত থেকে রক্ষা পেয়েছি।’ নিমাই কুমার সরকার বলেন, ‘সারা জীবন শিক্ষকতা করেছি। আমরা কারও সাতে-পাঁচে নেই। আমাদের কোনো শত্রু নেই। এর পরও আমাদের বাড়িতে আগুন দেওয়া হলো।’ ফেনী: রোববার রাতে সোনাগাজী উপজেলার চান্দলা গ্রামের শান্তিরঞ্জন কর্মকারের ঘরের চারপাশে এবং জানালা দিয়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। ততক্ষণে ঘরের লেপ-তোশকসহ কিছু আসবাব পুড়ে যায়। একই রাতে চরসাহাভিখারী গ্রামের ভবানী মাঝির বাড়িতে তিনটি খড়ের গাদায় এবং গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর গ্রামের বলরাম শীলের বাড়ির খোকন চন্দ্র শীলের একটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ পৌর এলাকার আলিডাঙ্গা গ্রামে রোববার রাতে একটি পূজামন্দিরে বাঁশ-কাঠ-খড় দিয়ে তৈরি করা দুর্গাপ্রতিমার কাঠামো পুড়িয়ে দেয় দুষ্কৃতকারীরা। এ ছাড়া একটি সরস্বতী দেবীর প্রতিমা চুরি হয়েছে। আলিডাঙ্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ গড়গড়িয়া প্রথম আলোকে বলেন, এ নিয়ে গ্রামের হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে। বেড়া (পাবনা): রোববার রাত নয়টার দিকে একদল যুবক জামায়াত-শিবিরের পক্ষে স্লোগান দিতে দিতে বেড়া পৌর এলাকার দাসপাড়া মহল্লায় বুড়িতলা মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা সেখান থেকে দৌড়ে গিয়ে পাশের কামারপাড়া মহল্লার নারায়ণ চন্দ্র নন্দীর পারিবারিক মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর মহাদেব দত্তের বাড়ির বেড়া ভাঙচুর করে দৌড়ে পালিয়ে যায়। মুন্সিগঞ্জ: রোববার রাত ১০টার দিকে লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা এলাকায় মনিপাড়া সর্বজনীন কালীমন্দিরের মূর্তি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। লৌহজং থানার ওসি মো. জাকির হোসেন জানান, রাতে কে বা কারা আগুন দিয়েছে, তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। নোয়াখালী: রোববার রাত সাড়ে নয়টার দিকে সেনবাগ উপজেলার উত্তর মোহামঞ্চদপুর গ্রামের বণিক বাড়ির একটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দিলীপ কুমার ভৌমিক বলেন, ‘এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’ সেনবাগ থানার ওসি মো. এমরান আলী বলেন, ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।বরিশাল: গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি এলাকার বোরাদী গরঙ্গল সর্বজননী দুর্গামন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। [ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর]