নাটোর ও রংপুরে দুজন খুন
নাটোরের বড়াইগ্রামে গতকাল মঙ্গলবার রফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবককে অপহরণের পর রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রফিকুল ইসলাম উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে রফিকুল ইসলাম বাসে করে নাটোর যাচ্ছিলেন। উপজেলার রাজ্জাক মোড়ে শহীদুল ইসলামের নেতৃত্বে আট-দশজন লোক তাঁকে জোর করে বাস থেকে নামিয়ে একটি ভটভটিতে করে প্রায় চার কিলোমিটার দূরে আইড়মাড়ি সেতুর কাছে নিয়ে যায়। সেখানে তারা তাঁকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে ফেলে রাখে।খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে বিকেল চারটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় রাজ্জাক মোড় এলাকার আফসার আলীর ছেলে শহীদুল ইসলামকে আটক করেছে পুলিশ।বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, ঘটনার মূল হোতাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাইকান গ্রামে ঘাঘট নদ থেকে ময়না বেগম (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল তাঁর স্বামী আনসার আলীকে (৫০) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ময়নার ভাই বাবুল মিয়া বাদী হয়ে আনসার আলীর বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আনসার আলীর সঙ্গে প্রায়ই ময়নার বিবাদ লেগে থাকত। গত সোমবার রাতে ময়নাকে তাঁর স্বামী বেদম মারপিট করেন। এতে ময়না মারা গেলে তাঁর লাশ বাড়ির পাশের ঘাঘট নদে ফেলে দেওয়া হয়। গঙ্গাচড়া থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ময়নার বাঁ চোয়ালে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।