নাটোর ও সাতক্ষীরায় প্রশ্নপত্র বিতরণে ভুল
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে গতকাল মঙ্গলবার নাটোর ও সাতক্ষীরার দুটি পরীক্ষা কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের পুরোনো সিলেবাসের ভিত্তিতে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে সেখানকার পরীক্ষার্থীরা সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। এ জন্য তারা আশানুরূপ ফল না হওয়ার আশঙ্কা করছে।নাটোর প্রতিনিধি জানান, নাটোর এনএস সরকারি কলেজ কেন্দ্রের একাডেমিক ভবনের ১০৩ ও ২০৩ নম্বর কক্ষের শতাধিক পরীক্ষার্থীকে চলতি সিলেবাসের প্রশ্নপত্রের বদলে ভুলক্রমে ২০০৮ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা চলার সময় বিষয়টি পরীক্ষার্থীরা খেয়াল করতে পারেনি। পরীক্ষা শেষে অন্য কক্ষের পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেখে তারা বিষয়টি জানতে পারে।এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের (উচ্চমাধ্যমিক) পরীক্ষা নিয়ন্ত্রক এস এম হুরাইরা মুঠোফোনে বলেন, এ কারণে কাউকে অকৃতকার্য করা হবে না। প্রশ্ন সিলেবাস অনুযায়ী না হওয়ায় কিছু প্রশ্নের উত্তর দিতে না পারার বিষয়টি দুঃখজনক। তবে দুই প্রশ্নের মধ্যেও অনেক মিল রয়েছে।এনএস সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ভুলক্রমে সবাইকে পুরোনো সিলেবাসের প্রশ্ন দেওয়া হলেও তাতে পরীক্ষার্থীদের অসুবিধা হবে না। কারণ, দুই প্রশ্নপত্রের মধ্যে অনেক মিল রয়েছে।নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা জানান, সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রের ২০১ নম্বর কক্ষেও নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে।নিয়মিত পরীক্ষার্থী রত্না দাস জানায়, তাকে অনিয়মিত (ক্যাজুয়েল) পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এতে তার ফল বিপর্যয় হতে পারে। আরেক পরীক্ষার্থী হারুন-অর রশিদ বলে, যেসব নিয়মিত পরীক্ষার্থী অনিয়মিত প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, তাদের সবার ফল বিপর্ষয় হবে।এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরীক্ষা কমিটির আহ্বায়ক রেজাউল হক জানান, ২০১ নম্বর কক্ষের ৬০ জন পরীক্ষার্থীকে ভুলবশত বাংলা প্রথম পত্রের নিয়মিত প্রশ্নপত্রের পরিবর্তে অনিয়মিত প্রশ্নপত্র দেওয়া হয়েছে।সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এস এ এম আবদুল ওয়াহেদ জানান, যেসব নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবারাহ করা হয়েছিল, তাদের উত্তরপত্র বাছাই করে আলাদাভাবে পাঠাতে পরামর্শ দিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।