নাটোর ও সিরাজগঞ্জে সংঘর্ষে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় গতকাল মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠানে বসা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। একই দিন সিরাজগঞ্জের পৌর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। গত সোমবার চৌহালী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে নাটোরের সিংড়া উপজেলার কুশিবাড়ি গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বসা নিয়ে ওই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে পুঠিমারি গ্রামের লোকজনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল সকাল সাড়ে সাতটায় কুশিবাড়ির অর্ধশতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে পুঠিমারি গ্রামের ভাটপাড়া গোরস্থান এলাকায় এসে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলেই পুঠিমারি গ্রামের আবদুল গণি (২৮) মারা যান এবং কুদরত আলী, ইছাহক, শরিফুল ইসলাম, হাছিনা বেগমসহ ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে কুদরত আলী ও ইছাহককে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত সোয়া ১০টায় তিনি মারা যান।
শুক্রবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার ধোপাপাড়া মহল্লার বিএনপির কর্মী শাফি ভূঁইয়ার সঙ্গে একডালা মহল্লার ছাত্রলীগ ও যুবলীগের কর্মী সাদ্দাম, সুমনসহ কয়েকজনের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা শাফির ওপর হামলা চালান। এর জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার ওই সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে শওকত, ইনসান, সাদ্দাম, মানিক, রিপন, মঞ্জু, আফজাল, আকন্দ, জুয়েল, সুমন ও শামীমকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে একডালা মহল্লার শওকতের চায়ের দোকান এবং মঞ্জু মিয়া, ইনসান আলী, আফজাল হোসেন ও আবদুল হক মাস্টারের বাড়ি ভাঙচুর করা হয়।
সোমবার বিকেলে চৌহালী উপজেলার উমরপুর ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের আবদুল আলিম দলবল নিয়ে খাসপুকুরিয়া ইউনিয়নের বিরোধপূর্ণ এওয়াজই কাঁঠালিয়াচরের কাশবন কাটার জন্য যান। এ সময় প্রতিপক্ষ একই ইউনিয়নের চরবিনানই গ্রামের লুৎফর রহমানের সমর্থকেরা তাঁদের বাধা দেন। এ ঘটনায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২১ জন আহত হন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চরসলিমাবাদ গ্রামের আবদুল আলিমকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সকালে তিনি মারা যান। চৌহালী থানার ওসি সামছুল হক জানান, এ ব্যাপারে নিহত ব্যক্তির ভাতিজা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।