নাটোর ও সিরাজগঞ্জে হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদারের মুক্তির দাবিতে গতকাল সোমবার নাটোরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। জেলা বিএনপি এই হরতাল আহ্বান করে। একই দিন জামায়াতে ইসলামীর ডাকে সিরাজগঞ্জে অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়। গত রোববার ১৮ দলের অবরোধ চলাকালে জামায়াতের কর্মী ওয়ারেছ আলী নিহত হওয়ার ঘটনায় হরতাল আহ্বান করা হয়।নাটোর সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টায় হরতাল সমর্থকেরা নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া, নাটোর-বগুড়া মহাসড়কের ফুলবাগান ও নাটোর-রাজশাহী সড়কের কাফুরিয়া মোড়ে অবস্থান নেয়। তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকেই সরকারি কার্যালয়, আদালত, ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বেলা তিনটার দিকে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা শহরের আলাইপুর এলাকায় মিছিল বের করে। একই সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কানাইখালি এলাকায় হরতালবিরোধী মিছিল বের করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, ‘হরতাল সফল হয়েছে। এর পরও সরকার রুহুল কুদ্দুসকে মুক্তি না দিলে আমরা নাটোরে টানা হরতাল দিতে বাধ্য হব।’শহরের আলাইপুর এলাকার নিজ বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করে পুলিশ গত রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তাঁর মুক্তির দাবিতে জেলা বিএনপি নাটোরে গতকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। সিরাজগঞ্জে গতকাল জামায়াতের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। সকাল থেকে জামায়াতে ইসলামী-সমর্থকদের শহরের প্রধান সড়কগুলোতে বের হতে দেখা যায়নি। তবে শহরতলির কয়েকটি সড়কে তারা টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হরতালের কারণে শহরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে সরকারি কার্যালয় ও আদালতের কার্যক্রম স্বাভাবিক ছিল। সকালে শহরে লোকসমাগম কম থাকলেও রিকশা, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার চলাচল স্বাভাবিক ছিল। শহরে দুপুর ১২টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকলেও বঙ্গবন্ধু সেতু হয়ে মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। রোববার ১৮ দলের অবরোধ চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম ও সদর থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার আসামি হিসেবে পুলিশ চারজনকে আটক করেছে। এঁরা হলেন: মো. শাহিন আলম, মো. সোহেল রানা, মেহেদী হাসান ও মির্জা শামীম।