নাটোরে যুবলীগের কর্মীসহ দুজনকে অপহরণ করে হত্যার অভিযোগে সংগঠনের নেতা-কর্মীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যুবলীগের নিহত কর্মী ইকবাল হোসেনের বাবা ফিরোজ হোসেন রোববার নাটোর সদর থানায় এ মামলা করেন।মামলার আসামিরা হলেন যুবলীগের জেলা সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সদস্য শরিফ, রাসেলসহ অজ্ঞাতনামা ১৩ জন।বাদী ফিরোজ হোসেন মামলার এজাহারে অভিযোগ করেন, তাঁর ছেলে ইকবাল চাল ব্যবসার জন্য সদর উপজেলায় কানাইখালী মহল্লায় এহিয়া চৌধুরীর বাসায় ভাড়া থাকতেন। যুবলীগের নেতা শরিফুলকে হত্যা চেষ্টাসহ কয়েকটি মামলায় তাঁর ছেলেকে আসামি করা হয়। এই ঘটনার জের ধরে ১১ আগস্ট দিবাগত রাত সাড়ে তিনটায় দিকে আসামিরা প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইকবাল এবং ঢাকা থেকে আসা তাঁর বন্ধু শাওনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সাত দিন পর ১৭ আগস্ট সকালে সিংড়া থেকে তাঁদের লাশ পাওয়া যায়।শরিফুল ইসলাম বলেন, ‘১১ আগস্ট অপহরণের ঘটনা ঘটলেও বাদী এত দিন আমাদের কাউকে অভিযুক্ত করেননি। অথচ লাশ পাওয়ার কয়েক দিন পর আমাদের নাম দিয়ে এ মামলা করেছেন।’ তিনি অভিযোগ করেন, জেলার এক প্রতিমন্ত্রী এবং তাঁর ছেলেদের দুর্নীতি ও টেন্ডারবাজির প্রতিবাদ করায় ওই প্রতিমন্ত্রী বাদীকে দিয়ে এই মিথ্যা মামলা করিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন,তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।