
নাটোর-ঢাকা মহাসড়কে নারদ নদের ওপর নির্মিত দত্তপাড়া সেতুর কিছু অংশ গতকাল মঙ্গলবার ধসে পড়েছে। গতকাল ভোর থেকে ওই সেতু দিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ফলে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় নারদ নদের ওপর দিয়ে যাওয়া সেতুর মাঝের কিছু অংশ আকস্মিক ধসে পড়ে। এ সময় সেতুর ওপর পাথরবোঝাই একটি ট্রাক আটকে যায়। এর পরই ওই সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে সড়কে আটকা পড়ে শত শত গাড়ি। চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। অনেকে সেহির খেতে পারেননি। ওই মহাসড়ক দিয়ে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা এবং দক্ষিণাঞ্চলে (কুষ্টিয়া, পাবনা, যশোর, খুলনা, বরিশাল) যানবাহন চলাচল করে।
সেতু ধসের কারণে আটকে পড়া হানিফ পরিবহনের যাত্রী মশিউর রহমান বলেন, ‘এখানে আটকা পড়ায় আমরা সেহির খেতে পারিনি। এখানে কোনো খাবার হোটেলও নেই। তাই না খেয়েই অনেককে রোজা রাখতে হচ্ছে। ছোট বাচ্চারা খাবারের জন্য কান্নাকাটি শুরু করেছে।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ছয়টা নাগাদ সেতুর দুই পাশে সড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। ভোর থেকেই হাইওয়ে পুলিশ ও সওজের কর্মীরা সেতুর ওপর আটকে পড়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা করেন। সকাল সাড়ে ছয়টার দিকে ওই ট্রাকটি উদ্ধার করার পর পরই পাথরবোঝাই আরেকটি ট্রাক সেতুর ক্ষতিগ্রস্ত অংশে আটকা পড়ে। অনেক চেষ্টার পর সকাল নয়টার দিকে বিশেষ ব্যবস্থায় ট্রাকটি সরানো হয়। পরে সেতুর পশ্চিম অংশ দিয়ে অটোরিকশা ও রিকশা চলাচল শুরু হয়। তবে দুর্ঘটনার আশঙ্কায় সওজ কর্তৃপক্ষ বাঁশ দিয়ে সেতুটি বন্ধ করে দিয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে সওজ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে মেরামতকাজ শুরু করে।
দত্তপাড়া মোড়ের পান ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন বলেন, ‘ভোরে মালবোঝাই একটি ট্রাকসহ সেতুটি দেবে যায়। পরে আস্তে আস্তে সেতুর মাঝের কিছু অংশ ধসে পড়ে। এরপর আমরা দুই পাশের গাড়ি থামিয়ে দিই।’
সওজের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী বলেন, ‘নারদ নদের ওপর সেতুটি অনেক পুরোনো। কিছুদিন আগে এটি সংস্কার করা হয়েছিল। অত্যধিক যান চলাচল করায় সেতুর মাঝের কিছু অংশ ধসে পড়েছে। আমরা বিকল্প ব্যবস্থায় যান চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছি।’