নাটোর থেকে ঢাকাগামী বাস ট্রেন চলছে না পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সঙ্গে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দেশের প্রান্তবর্তী জেলাগুলোর। গত শুক্রবার সন্ধ্যা থেকেই নাটোর থেকে রাজধানীগামী দূরপাল্লার বাসগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে। ট্রেনও যাচ্ছে না ঢাকার দিকে। উত্তর ও দক্ষিণের প্রবেশপথ বনপাড়ায় বসানো হয়েছে পুলিশি পাহারা। এর সঙ্গে ঘন কুয়াশা সড়ক যোগাযোগ বিঘ্ন করে তুলেছে। গতকাল শনিবার কুয়াশার কারণে সাতটি সড়ক দুর্ঘটনা ঘটেছে নাটোরে। প্রাণ হারিয়েছেন একজন।
২৫ ডিসেম্বর থেকে অবরোধ উঠে গেলে আবার যোগাযোগব্যবস্থা চালু হয়। প্রায় গৃহবন্দী জনসাধারণ স্বস্তির শ্বাস ফেলেন। তবে বিরোধী দল ২৯ ডিসেম্বর সারা দেশ থেকে ঢাকা অভিমুখে যাত্রা কর্মসূচি দেওয়ায় যোগাযোগব্যবস্থা আবার ব্যাহত হয়ে পড়ে। রাজধানীর পথে যেন সরকারের ‘অঘোষিত অবরোধ’ শুরু হয় শুক্রবার থেকে।
উত্তর ও দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক দিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে ঢাকার দিকে কোনো বাস যেতে দেখা যায়নি। বনপাড়া মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। যাত্রীদের নামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পর থেকে আমাদের কোনো নেতা-কর্মী ঢাকায় যাওয়ার জন্য বাস-ট্রেন পাননি। মাইক্রোবাসে করে যাওয়ার চেষ্টা করা হলেও বনপাড়ায় চেকপোস্ট বসিয়ে সেগুলোকে আটকে দেওয়া হয়। এ ছাড়া শুক্রবার রাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার নেতা-কর্মীরা “নীলসাগর” ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হন। পুলিশ ট্রেনটি টাঙ্গাইলে থামিয়ে দেয়। বগি তল্লাশি করে তাঁদের ১০ নেতা-কর্মীকে আটক করে।’
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ‘এই সড়কে শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকার দিকে কোনো বাস যায়নি। আমার জানামতে ১৮ দলের কোনো নেতা-কর্মী এই সড়ক হয়ে ঢাকায় যাচ্ছিলেন না। নিরাপত্তার জন্য যানবাহনে তল্লাশি করা হচ্ছে। কাউকে হয়রানি করা হয়নি।’
নাটোরের দূরপাল্লার বাস কাউন্টারগুলো থেকে শুক্রবার সকালের গাড়ির টিকিট দেওয়া হলেও সন্ধ্যা সাতটার পর আর কোনো টিকিট দেওয়া হয়নি। এ সম্পর্কে নাটোরের ন্যাশনাল পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে ঢাকাগামী কোনো বাসই নাটোরে আসেনি।
ঢাকার পথে গাড়ি না ছাড়লেও দেশের অন্যান্য জেলায় যাতায়াতকারী আন্তজেলা বাসগুলো অবশ্য চলাচল করেছে। গতকাল লালপুর-ঈশ্বরদী, নাটোর-বগুড়া ও নাটের-ঢাকা সড়কে সাতটি দুর্ঘটনা ঘটেছে।
গতকাল বেলা ১১টায় লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষ্মীপুর এলাকায় জহুরা বেগম (৬০) নামের এক পথচারীকে একটি মাইক্রোবাস চাপা দিলে তিনি নিহত হন।