নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতিরোধক নির্মাণের দাবিতে আজ সোমবার সকাল সাড়ে নয়টা থেকে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার বাসিন্দারা। এতে মহাসড়কের উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে।

সকালে যাত্রীবাহী একটি বাস নাঈম হোসেন নামের এক স্কুলছাত্রকে চাপা দিলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে এই অবরোধ করে। সে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে নয়টার দিকে সড়ক পার হওয়ার সময় নাঈমকে চাপা দেয় ঢাকাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস। এতে তার পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ওই স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন গড়মাটি বাজারের সামনে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে। বেলা ১১টা পর্যন্ত মহাসড়কে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। খবর পেয়ে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।

সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তাঁরা তাত্ক্ষণিকভাবে সেখানে গতিরোধক নির্মাণের দাবি করেন। তিনি কিছু দিন পর নির্মাণের প্রতিশ্রুতি দিলে জনতা তাঁর গাড়ি ভাঙতে উদ্যত হয়। পুলিশের হস্তক্ষেপে গাড়িটি রক্ষা পায়।

ওই স্কুলের ছাত্র মুনছুর রহমান বলে, ‘মাঝেমধ্যে আমরা দুর্ঘটনার শিকার হচ্ছি। তাই এর সমাধান করতে হবে।’

মতিয়ার রহমান নামের একজন যাত্রী বলেন, ‘আমি নাটোর কোর্টে যাব। বাস আটকে থাকায় তিন কিলোমিটার রাস্তা হেঁটে একটা ভটভটিতে উঠেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসান বলেন, ‘স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।’