নাটোর-পাবনা সড়কে ১২ ট্রাকে ডাকাতি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার এলাকায় আজ শুক্রবার ভোরে নাটোর-পাবনা সড়কে গাছ ফেলে ডাকবাহী একটি সরকারি কাভার্ডভ্যানসহ ১২টি ট্রাকে ডাকাতি হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে। ডাকাতেরা টাকা ও মুঠোফোন সেট নিয়ে পালিয়ে গেছে।
বনপাড়া মহাসড়ক পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে কয়েনবাজার-সংলগ্ন কবরস্থানের সামনে নাটোর-পাবনা সড়কে দুর্বৃত্তরা গাছ ফেলে যাতায়াত বন্ধ করে দেয়। এতে ডাকবাহী একটি সরকারি কাভার্ডভ্যানসহ ১২টি ট্রাক আটকে যায়। এ সময় ২০-২৫ জন ডাকাত দুটি দলে ভাগ হয়ে ট্রাকগুলোর সামনে ও পেছন থেকে হামলা করে। ডাকাতেরা প্রতিটি গাড়ির চালক ও সহকারীদের নামিয়ে পাশের জমিতে নিয়ে মারধর করে এবং টাকা ও মুঠোফোন সেট কেড়ে নেয়।
প্রায় এক ঘণ্টা পর বনপাড়া মহাসড়ক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছ সরালে যান চলাচল স্বাভাবিক হয়। আহত ব্যক্তিরা বনপাড়া পাটোয়ারি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা নেন।
বনপাড়া মহাসড়ক পুলিশের সার্জেন্ট নিকুঞ্জ কুমার বলেন, ‘খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়েছি। এ সময় কোনো ডাকাতকে দেখা যায়নি। আমরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি। অপরাধীদের ধরতে ইতোমধ্যে বড়াইগ্রাম থানার পুলিশ অভিযান শুরু করেছে।’
ডাকবাহী কাভার্ডভ্যান খাদে
ডাকবাহী কাভার্ডভ্যানটি ঢাকা থেকে ডাক নিয়ে ঈশ্বরদী যাচ্ছিল। ডাকাতেরা কাভার্ডভ্যানের চালক মামুনুর রশিদ (৩২), ডাক কর্মকর্তা আজিমুল হক (৩৫) ও সহকারী আলমগীর দেওয়ানকে (২৮) পিটিয়ে আহত করে। এ সময় তাঁরা কাভার্ডভ্যান নিয়ে দ্রুত পেছনে ফেরার চেষ্টা করলে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ডাকাতেরা তালা ভেঙে ডাকের মালামাল নিতে পারেনি। এ খবর লেখা পর্যন্ত (সকাল সাড়ে নয়টা) ভ্যানটি খাদেই পড়েছিল।
ডাকের গাড়ির চালক মামুনুর রশিদ বলেন, ‘১০-১২টি ট্রাকের সবার কাছ থেকেই টাকা ও মালামাল লুট করা হয়েছে। পুলিশ আসার পর সবাই নিজের নিজের গাড়ি নিয়ে চলে যায়। আমাদের কাছ থেকে ১৬ হাজার টাকা ও তিনটি মুঠোফোন সেট নিয়েছে।’