নাটোর পৌর এলাকার ৪০ হাজার মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের বৃষ্টিতে নাটোর পৌরসভার নয়টি এলাকার ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা ঘর থেকে বের হতে পারছে না। ঘরে জমে আছে হাঁটুপানি। এ কারণে তাদের ভোগান্তির শেষ নেই।
শহরের সব এলাকায় নালা না থাকা, অপরিকল্পিতভাবে নালা নির্মাণ এবং বিভিন্ন এলাকায় নালা দখল ও ভরাট হয়ে যাওয়ায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি সরতে পারছে না। এতে এসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
নাটোর পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকায় ৮০ কিলোমিটার পাকা রাস্তা আছে। এর মধ্যে মাত্র ৩২ কিলোমিটারে নালা নির্মাণ করা হয়েছে। গত অর্থবছরে (২০১২-১৩) দুই কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটারে নালা নির্মাণ করা হয়েছে। কিন্তু পরিকল্পনা ছাড়াই নির্মাণ করায় এসব নালা কোনো কাজে আসছে না।
এলাকাবাসী জানান, গত রোববার মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে (বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা) নাটোর শহরের বড়গাছা, চকরামপুর, বলারিপাড়া, পটুয়াপাড়া, কানাইখালী, মল্লিকহাটি, চৌকিরপাড়, কান্দিভিটুয়া, পালপাড়া ও ঝাউতলা এলাকা পানিতে তলিয়ে যায়। বৃষ্টি শেষ হওয়ার ৩৬ ঘণ্টা পরও অনেক বসতবাড়ি থেকে পানি নামেনি। হাঁটুপানি ঠেলে অনেকে এলাকা থেকে শহরের প্রধান সড়কে এসেছে।
গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের চকরামপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের জেলা কার্যালয় পানিবন্দী ছিল। তাই নানা প্রয়োজনে এখানে এসে গ্রাহকেরা ভোগান্তি পোহান। শিক্ষার্থীরা জুতা-স্যান্ডেল খুলে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে।
সোমবার দুপুরে বড়গাছা এলাকার বাসিন্দা মখলেসুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, প্রতিটি শয়নকক্ষের মেঝেতে হাঁটুপানি জমে আছে। আসবাবও আংশিক ডুবে আছে। তিনি বলেন, ‘যেসব এলাকা অপেক্ষাকৃত উঁচু, সেসব এলাকায় নালা নির্মাণ করা হয়েছে। অথচ অনেক নিচু হওয়া সত্ত্বেও আমার এলাকায় নালা নির্মাণ করা হয়নি। রোববারের বৃষ্টির পর পানিনিষ্কাশনের কাজে পৌরসভার কাউকে পাওয়া যায়নি।’ বলারিপাড়া মহল্লার বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, নিম্নমানের কাজ করার কারণে মহল্লার অধিকাংশ নালা ধসে পড়েছে। অনেক জায়গায় নালার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম বলেন, ‘পরিকল্পিতভাবে নালা নির্মাণের জন্য সম্প্রতি একটি পরিকল্পনা তৈরি করে অনুমোদনের জন্য ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগে নির্মিত নালাগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় এগুলো দিয়ে বৃষ্টির পানি সরতে পারছে না। জনবলসংকটের কারণে আমরা দ্রুত ব্যবস্থা নিতে না পারলেও পর্যায়ক্রমে পানি সরানোর কাজ করছি।’