নাটোর পৌর মার্কেটে আগুন ৪২ দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বনপাড়া পৌর মার্কেটে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪২টি দোকান পুড়ে গেছে।
এদিকে মশার কয়েল থেকে আগুন লেগে গতকাল ভোররাতে নাটোর সদর উপজেলার ঠাকুরলক্ষ্মীকোল গ্রামের এক কৃষকের দুটি গরুসহ পাঁচটি ঘর পুড়ে গেছে।
বনপাড়া বাজারের ওষুধ ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, বেলা তিনটায় মার্কেটের উত্তর দিকের একটি জুতার দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ঘণ্টা খানেক পর নাটোর, লালপুর ও গুরুদাসপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। পুলিশ, আনসার সদস্যসহ এলাকাবাসীর মিলিত চেষ্টায় বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কমপক্ষে ৪২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন বলেন, তদন্ত না করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা মুশকিল। তবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাটোর ফায়ার স্টেশন ও ঠাকুরলক্ষ্মীকোল গ্রামবাসী সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে গ্রামের কৃষক শহিদুল ইসলামের ঘরে জ্বালানো কয়েল থেকে আগুন লেগে যায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে বাড়ির পাঁচটি ঘর পুড়ে যায়। এ সময় ঘুমন্ত লোকজন কোনোমতে রক্ষা পেলেও গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়। নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।