নাটোর পৌরসভার সেই কাজের দরপত্র বাতিল
নাটোর পৌরসভার জনস্বাস্থ্য প্রকৌশল শাখার পানি সরবরাহের সোয়া সাত কোটি টাকার সেই কাজের দরপত্র বাতিল করা হয়েছে। কিছুদিনের মধ্যে পুনরায় দরপত্র আহ্বান করা হবে।জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার ওই কাজের দরপত্র বাক্স খোলা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। বুধবার প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে খবর প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্যাক্সযোগে ওই দরপত্র বিজ্ঞপ্তি বাতিলের নির্দেশনা পাঠায়। দু-এক দিনের মধ্যে ওই দরপত্রের বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশ করা হবে।নাটোর জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নাটোর পৌরসভার বিদায়ী মেয়র কাজী শাহ আলম বলেন, প্রকল্পের দাতা সংস্থার (এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংক) পরামর্শে বিতর্কিত দরপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।