ফের সাক্ষ্য গ্রহণের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ বোমা হামলার মামলায় সাক্ষী নির্বাহী হাকিমকে আবার জেরা করার আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছেন নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত। আসামিপক্ষ ওই আবেদন করেছিল।

মামলাটির আসামি ও জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের গাজীপুরের কাশিমপুর এবং রাজশাহী কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল দুপুরে নাটোরের আদালতে হাজির করা হয়। ওই আদালতে রাষ্ট্রপক্ষের অভিযুক্ত ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবদুল হাই বলেন, নাটোরে সিরিজ বোমা হামলা মামলার  সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন ছিল গতকাল মঙ্গলবার। কিন্তু সাক্ষী বিচারক (এই মামলায় আগে সাক্ষ্য প্রদানকারী নির্বাহী হাকিম) হাবিবুর রহমানের অনুপস্থিতিতে আদালত ওই সাক্ষ্যের পরবর্তী তারিখ ঘোষণা করেন। এ সময় আসামিপক্ষ আরেকজন সাক্ষী বিচারককে (নির্বাহী হাকিম আরিফ পাশা) ফের আদালতে জেরা করার আবেদন করে। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেন।

আসামি শফিউল ওরফে তারেককে কাশিমপুর কারাগার থেকে এবং আবদুর রশিদ, শিহাব উদ্দিন, শহীদুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান ও আবদুল মতিনকে রাজশাহী কারাগার থেকে পুলিশি নিরাপত্তায় নাটোরে আনা হয়। তাঁদের আদালতে হাজির করার সময় আদালত চত্বরের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং এজলাসে জনসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। তাৎক্ষণিক বিচারকাজ শেষে আসামিদের আবার নিজ নিজ কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। 

২০০৫ সালের ১৭ আগস্ট নাটোরের জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়সহ আটটি স্থানে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বোমা বিস্ফোরণ ঘটে। এসব ঘটনাস্থলে জেএমবির প্রচারপত্র পাওয়া যায়। এ ঘটনায় নাটোর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ওই দিনই মামলা করেন।