নাটোর যুবলীগের সংঘর্ষের ঘটনায় ৭৮ জনের নামে মামলা
নাটোরে দরপত্র দাখিল করা নিয়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সদর উপজেলা পরি-ষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং সভাপতি শরিফুল ইসলামসহ ৭৮ জনের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা হয়েছে। এ ছাড়া অস্ত্র উদ্ধারসংক্রান্ত পৃথক মামলায় গ্রেপ্তার যুবলীগের পাঁচ কর্মীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।এদিকে উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসায় প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পুলিশকে দিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছেন।পুলিশ জানায়, যুবলীগের কর্মী মিঠু ও সরোয়ারকে হত্যাচেষ্টার অভিযোগে ঠিকাদার সাইফুল ইসলাম গতকাল সদর থানায় ৩৮ জনের নাম উল্লেখ করে ৭৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের মধ্যে হাঁসু, সেন্টু, রানা, রনি, মিন্টু, সাইফুল, নয়ন, ওসমান ও জাহাঙ্গীরকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল তাঁদের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে এই মামলার আসামি রানা, সাইফুল, সেন্টু, হাঁসু ও ওসমানের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করেছেন সদর থানার উপপরিদর্শক জাহিদ আরিফ। মামলার তদন্ত কর্মকর্তা দুলাল হোসেন আদালতের কাছে ওই আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছেন। আদালত আজ বৃহস্পতিবার এ ব্যাপারে শুনানি করার দিন ধার্য করেছেন।