নাটোরে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাৎ ও অন্যান্য অনিয়মের অভিযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল শনিবার শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। এ সময় শিক্ষার্থীদের হাতে দুই শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েক শ শিক্ষার্থী সকাল ১০টার দিকে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন। কলেজের অধিকাংশ শিক্ষক ওই বিক্ষোভ মিছিলে যোগ দেন। এ সময় অধ্যক্ষ মাজেদুর রহমানের সমর্থিত দুই শিক্ষক ক্লাসে যাওয়ার উদ্যোগ নিলে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে তাঁরা লাঞ্ছিত হন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে।কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের কাছে তমালতলা মোড়ে নাটোর-বাগাতিপাড়া সড়ক অবরোধ করেন। কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক অরুণ ঘোষ, সহকারী অধ্যাপক ও বাগাতিপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মাজেদুর কলেজের টাকা দিয়ে জমি কিনে নিজের নামে দলিল করেছেন। চাকরি দেওয়ার নামে জমি ও নগদ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি কলেজের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। উৎকোচ চেয়ে না পেয়ে তিনি সাতজন শিক্ষকের পদোন্নতি আটকে রেখেছেন।বক্তাদের দাবি, জেলা প্রশাসন থেকেও তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। কিন্তু নিজের আত্মীয়স্বজন নিয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন করায় কমিটি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।এ ছাড়া গত ৩১ ডিসেম্বর তাঁর চাকরির মেয়াদ শেষ হলেও গোপনে আরও দুই বছর চাকরির মেয়াদ বাড়িয়ে নিয়েছেন।প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা আবারও কলেজ চত্বরে ফিরে আসেন। একপর্যায়ে কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) মোহাম্মদ ইয়ামিন খান ১০ দিনের মধ্যে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কলেজ চত্বর ছেড়ে যান।তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করে অধ্যক্ষ মাজেদুর প্রথম আলোকে বলেন, ‘ব্যবস্থাপনা কমিটি গত ২৩ ডিসেম্বর আমাকে দুই বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছে। এই কলেজের শিক্ষক আবুল হোসেন অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ার আশায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে শিক্ষার্থীদের আন্দোলনমুখী করেছেন।’এ অভিযোগ প্রত্যাখ্যান করে আবুল হোসেন বলেন, কলেজের স্বার্থে আন্দোলন চলছে। জেলা প্রশাসনের তদন্ত সম্পর্কে ইউএনওর কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, এ ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছে।