নাটোরে অনিয়ম মেনে নিয়েই সেই কার্যাদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিভিল সার্জন শেষ পর্যন্ত অনিয়ম মেনে নিয়েই সদর হাসপাতালে পথ্য সরবরাহের কার্যাদেশ বহাল রেখেছেন। তবে জেলা প্রশাসকের প্রতিনিধি নিজ অবস্থানে অনড়। তিনি ওই কার্যাদেশে সই করেননি।প্রাণনাশের হুমকি দিয়ে নাটোর সদর হাসপাতালে খাদ্য সরবরাহের কার্যাদেশে সই নেওয়ার অভিযোগে জেলার সিভিল সার্জন আবদুল বাতেন ১৩ অক্টোবর নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ঠিকাদার চিত্তরঞ্জন সাহার অনুকূলে পথ্য সরবরাহের ওই কার্যাদেশে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তারুল ইসলাম সই নেন বলে জিডিতে উল্লেখ করা হয়।অভিযোগের পর ওই কার্যাদেশ বহাল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল বুধবার সিভিল সার্জনের কার্যালয়ে দরপত্র কমিটির সভা বসে। দুপুরে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন আবদুল বাতেন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল গনি, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি আবদুল গনি দরপত্র জালিয়াতি নিয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের কর্মীদের উদ্দেশে অশালীন বক্তব্য দেন। তিনি আগের কার্যাদেশ বহাল রাখার তাগিদ দেন। এতে জেলা প্রশাসকের প্রতিনিধি অপারগতা প্রকাশ করেন। সিভিল সার্জনও নীরব ভূমিকা পালন করেন। একপর্যায়ে জেলা প্রশাসকের প্রতিনিধির স্বাক্ষর ছাড়াই ঠিকাদার চিত্তরঞ্জন সাহাকে দেওয়া কার্যাদেশ বহাল রেখে সভা শেষ করা হয়। পুলিশ সুপারের একজন প্রতিনিধির সভায় উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সভায় অনুপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম কার্যাদেশ বহাল রাখার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার কাছে সিদ্ধান্তটি বৈধ বলে মনে হয়নি। তাই ওই সিদ্ধান্তের কাগজে সই করিনি।’ তিনি আরও বলেন, যার অনুকূলে কার্যাদেশ দেওয়া হয়েছে, তার দরপত্রের সঙ্গে শর্ত মোতাবেক কাগজপত্র জমা দেওয়া হয়নি। তা ছাড়া এই দরপত্রে দুধ, চিঁড়া, মিষ্টি প্রতি কেজি এক টাকা ও মসলাজাতীয় দ্রব্য প্রতি ১০০ গ্রামের মূল্য উল্লেখ করা হয়েছে মাত্র এক টাকা, যা জেলা বাজার কর্মকর্তার দেওয়া মূল্য তালিকার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।সিভিল সার্জন আবদুল বাতেন বলেন, ‘কমিটির অন্য সদস্যরা মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই করা হয়েছে। কিছু অনিয়ম তো মেনে নিতেই হয়েছে। এই বয়সে আমি একা কী করব?’সভা শেষ হওয়ার পর থেকে গতকাল রাত নয়টা পর্যন্ত একাধিকবার চেষ্টা করেও এ ব্যাপারে আবদুল গনির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রতিবারই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।১৪ অক্টোবর প্রথম আলোয় ‘সিভিল সার্জনকে হত্যার হুমকি দিয়ে কার্যাদেশে সই!’ শিরোনামে খবর প্রকাশিত হয়।