নাটোরে অপহূত তরুণ লালপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সদর উপজেলার কানাইখালী থেকে অপহূত এক তরুণকে লালপুর থেকে গত বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। উদ্ধার হওয়া ওই তরুণের নাম সবুজ (২৪)। তিনি কানাইখালীর রওশন আলীর ছেলে। আটক হওয়া তিনজন হলেন সদর উপজেলার কান্দিভিটার জামালের ছেলে জনি (২৬), লালপুর উপজেলার মধুবাড়ির দলিল প্রামাণিকের ছেলে রাব্বী (২২) ও একই উপজেলার শিবপুর খাঁপাড়ার জুমঞ্চা খানের ছেলে অন্তর (২০)।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে জনি তাঁর বন্ধু সবুজকে ব্যবসার টাকা দেওয়ার জন্য ডেকে পাঠান। সবুজ কান্দিভিটায় এলে দয়ারামপুর বাজারের এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে দেবে বলে জনি তাঁকে মোটরসাইকেলে উঠতে বলেন। এ সময় তাঁর আরও দুই বন্ধু অন্তর ও রাব্বী ওই মোটরসাইকেলে উঠে লালপুরে আসেন। তাঁরা সবুজকে লালপুরের শিবপুর খালের একটি আমবাগানে নিয়ে আসেন এবং তাঁর (সবুজ) বাবার কাছে মুঠোফোনে ৫০ হাজার টাকা দাবি করেন। একই সময় তাঁরা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে বলেন এবং একটি মুঠোফোনের নম্বর দেন।লালপুর থানা সূত্রে আরও জানা গেছে, সবুজের বাবা বিকাশের মাধ্যমে লালপুরে ১০ হাজার টাকা পাঠিয়ে দেন এবং বিষয়টি সদর থানার পুলিশকে জানান। সদর থানা পুলিশ বিষয়টি লালপুর থানার পুলিশকে জানায়। রাত ১০টার দিকে উপজেলার গোপালপুর বাজারের একটি দোকান থেকে বিকাশে পাঠানো টাকা তোলার সময় পুলিশ রাব্বীকে আটক করে। ওই সময় তাঁকে সঙ্গে নিয়ে আমবাগানে অভিযান চালিয়ে পুলিশ সবুজকে উদ্ধার এবং জনি ও অন্তরকে আটক করেন।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, সবুজকে অপহরণের অভিযোগে তাঁর বাবা নাটোর সদর থানায় মামলা করেছেন। রাতেই আটক হওয়া তিনজনকে সদর থানায় পাঠানো হয়েছে।