নাটোরে অপহৃত কলেজছাত্র রাজশাহীতে উদ্ধার
অপহরণের তিন দিন পর নাটোরের এক কলেজছাত্রকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-ও)। গত মঙ্গলবার রাতে রাজশাহীর কাজলা গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে র্যাব।
উদ্ধার হওয়া কলেজছাত্র হলো নাসিম মাবুদ (১৭)। সে নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার দেওয়া তথ্য অনুযায়ী রাজশাহীর চারঘাটের টাঙ্গন এলাকার টিপু সুলতানকে (২৪) আটক করা হয়।
র্যাব বাগমারা ক্যাম্প কমান্ডার জামাল আল নাসের বলেন, গত রোববার নাটোর শহরের কান্দিভিটা এলাকার নাদিম মাহমুদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওই দিন রাতে অপহরণকারীরা নাদিমের বাবা আবুল হাশেমের মুঠোফোন নম্বরে ফোন করে ৩ লাখ ৬০ হাজার টাকা দাবি করে। বিষয়টি আবুল হাশেম র্যাবকে জানান। এরপর র্যাব মুঠোফোন কলের সূত্র ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালাতে থাকে। মঙ্গলবার সন্ধ্যায় নাদিমকে রাজশাহীর কাজলা গেট এলাকায় ফেলে যায় অপহরণকারীরা।