নাটোরে অর্পিত সম্পত্তির তালিকা নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তি নয়, অথচ নাটোর সদর উপজেলার কসবা মৌজার সব হিন্দু সম্প্রদায়ের প্রায় সাড়ে ৫০০ বিঘা জমি অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিল গেজেটে তালিকাভুক্ত হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা অসৎ উদ্দেশে এসব জমি তালিকাভুক্ত করেছেন। তবে প্রশাসন অভিযোগ অস্বীকার করেছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ গেজেটে (অতিরিক্ত ‘মে ২৮, ২০১২) অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিলে (পৃষ্ঠা ৭৭১৯০-৭৭২১০) নাটোর সদর উপজেলার কসবা মৌজার ৫৬টি হিন্দু পরিবারের সাড়ে ৫০০ বিঘা জমি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এসব সম্পত্তির মালিকেরা গত বুধবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে বলেছেন, স্থানীয় কাফুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা অসৎ উদ্দেশে এসব জমি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকভুক্ত করেছেন। কারণ, এসব জমির মালিকেরা কখনোই ভারতে যাননি। সর্বশেষ খতিয়ানে (হাল খতিয়ান) এসব সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে উল্লেখ নেই। জমির মালিকেরা দীর্ঘদিন ধরে এসব জমির নামজারি করে খাজনা পরিশোধ করে আসছেন। কসবা গ্রামের জিতেন্দ্রনাথ আচার্য বলেন, ভুল করে উঠলে দুই-একজনের নাম উঠত। কিন্তু গ্রামের সবার জমি কী করে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হলো। এটা ষড়যন্ত্র বলে তাঁরা মনে করছেন। নাটোর জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী সুশান্ত কুমার ঘোষ বলেন, ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানিরা যে সম্পদ রেখে দেশ ছেড়ে গিয়েছিলেন, সেই সম্পদ অর্পিত সম্পত্তি হিসেবে গণ্য হবে। কসবা মৌজার যাঁদের সম্পত্তি ‘খ’ তফসিলে তালিকাভুক্ত হয়েছে, কাগজপত্রে তাঁরা কেউ দেশ ছেড়ে যাননি। তাই ওই তালিকা সঠিক হয়নি। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত করে দেখা গেছে, কোনো কোনো জমির মালিক এসএ খতিয়ান (১৯৬২) প্রকাশের পর তাঁদের জমি নিজ নামে খারিজ করে খাজনাদি পরিশোধ করেছেন। আবার কেউ কেউ ওই সময় ভারতে যাওয়ার পর আবার ফিরে আসেন। এসব কারণে অভিযোগকারীদের মধ্যে ধারণা জন্মেছে যে তাঁদের জমি তালিকাভুক্ত করা ঠিক হয়নি। তবে এ অবস্থায় তাঁদের নির্ধারিত নিয়ম অনুসরণ করেই সমস্যার সমাধান করতে হবে। এ ব্যাপারে ভূমি অফিসের কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।