নাটোরে আ. লীগ কর্মীর পায়ের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে জখম ও ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আজ শনিবার সকালে থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল আটক হওয়া পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে হাজতে পাঠিয়েছে পুলিশ।

দুর্বৃত্তদের হামলায় আহত হওয়া ব্যক্তির নাম মুনছুর রহমান (৪৫)। তাঁর বাড়ি মোমিনপুর গ্রামে। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম।

নলডাঙ্গা থানা ও এলাকাবাসীর ভাষ্য, মোমিনপুর গ্রামের মিজানুর রহমানের সঙ্গে একই গ্রামের মুনছুরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল রাত ১০টার দিকে মিজানের নেতৃত্বে ১৪-১৫ জন মুনছুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাস্তায় নিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও ডান পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। মুনছুর অচেতন হয়ে পড়লে তাঁকে মৃত ভবে হামলাকারীরা চলে যায়।

এলাকাবাসী মুনছুরকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর ফের হামলার চেষ্টা করে।

খবর পেয়ে সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। হামলায় জড়িত সন্দেহে মিজানুর (২৭), উজ্জ্বল (২৮), ফারুক (২০), জাহিদুর (২৫) ও শিমুলকে (২৮) আটক করে পুলিশ। হামলায় ব্যবহূত ভটভটি নামের যানবাহন থেকে লাঠি, লোহার রড, চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মুনছুরের মেয়ে মরিয়ম বেগম বাদী হয়ে আজ সকালে নলডাঙ্গা থানায় হত্যাচেষ্টা ও মারধর করে গুরুতর জখম করার একটি মামলা করেছেন। মামলায় মিজানুরসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। আটক হওয়া পাঁচজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলামের দাবি, মুনছুরের ওপর হামলাকারীরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

তবে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে।’

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ওসি মনিরুল বলেন, ‘মুনছুরের পায়ের রগ কাটা পড়েছে বলে জানতে পেরেছি।’