নাটোরে গত রোববার রাতে আওয়ামী লীগের এক কর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নেত্রকোনার কেন্দুয়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ব্যক্তি খুন হয়েছে। এ ছাড়া রাজবাড়ী থেকে দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।নাটোর: নাটোর সদর উপজেলার ছাতনী ভাটপাড়া গ্রামে গত রোববার গভীর রাতে আলমগীর হোসেন নামে আওয়ামী লীগের এক কর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাটোর সদর থানা সূত্র জানায়, রাত ১১টার দিকে দুর্বৃত্তরা মুঠোফোনে গ্রামের আলমগীর হোসেনকে (২৮) ডেকে নিয়ে যায়। পরে তাঁকে জবাই করে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। রাতেই গ্রামবাসী মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। গতকাল সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ জানান, আলমগীর দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।কেন্দুয়া: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালিকান্দা গ্রামে গত রোববার রাতে সোনা মিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছে। সোনা মিয়ার পরিবার জানায়, পাওনা টাকা নিয়ে রাত সাড়ে আটটার দিকে গ্রামের সোনা মিয়ার (১৯) সঙ্গে চাচাতো ভাই শফিকুলের (১৯) কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শফিকুল সোনা মিয়ার তলপেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় সোনা মিয়ার বড় ভাই নাছির উদ্দিন এগিয়ে গেলে তাঁকেও আঘাত করা হয়। পরে দুই ভাইকে গুরুতর আহতাবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। নাছির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া গ্রাম থেকে গতকাল সোমবার মো. আমির হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি মনিয়ন্দ ইউনিয়নের নিলাখাদ গ্রামে।নিহতের পারিবারিক সূত্র জানায়, নিজ গ্রামের বিল্লাল ও পাশের গ্রাম মোগড়ার ফারুক ও রনজু মিয়ার সঙ্গে তার বিরোধ চলে আসছিল।পরিবারের অভিযোগ, বিরোধের জের ধরে এর আগেও ওই ব্যক্তিরা আমিরকে মারধর করেছিল। আগের ঘটনায় থানায় মামলাও হয়েছে। বিরোধের জের ধরে আমিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোগড়া-কর্নেলবাজার সড়কের পাশে খালের উত্তরপাড়ে মোগড়া অংশে আমিরের লাশ পড়ে ছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, আমির হোসেনকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আমির হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুপুরে মোগড়া এলাকা থেকে মো. রনজু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কিন্তু সন্ধ্যা সাতটার দিকে সে থানা থেকে পালিয়ে যায়। ওসি বলেন, থানার পুরুষ হাজতে রনজুকে রাখা হয়েছিল। সন্ধ্যায় হাজতখানার সিলিংয়ের ঢেউটিন বাঁকা করে রনজু পালিয়ে যায়।রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরশি গ্রাম থেকে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে গতকাল দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজাদ হোসেন জানান, সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন ধানখেতে এক নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে গতকাল দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাটের জিরো পয়েন্টের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।