নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গতকাল রোববার হরতাল চলাকালে জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় এক সাংবাদিককে মারধর করা হয়। শিবির দাবি করেছে, সংঘর্ষের সময় তাদের পাঁচ নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে দলটি গতকাল সকাল-সন্ধ্যা নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে হরতাল ডাকে। হরতালে নাটোর ছাড়া অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত শুক্রবার জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।বাগাতিপাড়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হরতাল চলাকালে গতকাল বেলা একটার দিকে জামায়াতের থানা সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ উদ্দিন সরকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা। এর প্রতিবাদে ও হরতালের সমর্থনে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। মালঞ্চি রেলগেট থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা চত্বরের দিকে যাওয়ার সময় কাঁচাবাজারের সামনে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। আওয়ামী লীগের সমর্থকেরাও পাল্টা হামলা চালান। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ঘে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কর্মী সাহাদৎ হোসেন ও মিজানুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের সময় নাটোর ও আবদুলপুর স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।রাজশাহী: রাজশাহীতে হরতাল চলাকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের রাজপথে তেমন দেখা যায়নি। সকাল সাতটার দিকে জেলা শহরের সাগরপাড়া বটতলা এলাকায় শিবির একটি ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ শিবিরের দুই কর্মীকে আটক করে। এরপর আর কোথাও তাদের পিকেটিং করতে দেখা যায়নি। রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় নগরের সাহেববাজার এলাকায় হরতালের দিনেও রীতিমতো যানজটের সৃষ্টি হয়।চাঁপাইনবাবগঞ্জ: কোনো ধরনের সহিংসতা ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণভাবে হারতাল পালিত হয়েছে। অভ্যন্তরীণ রুটে বাস না চললেও ইজিবাইক ও অটোরিকশার মতো ছোট যানবাহন চলাচল করে। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।