নাটোরে আ.লীগের তিন কর্মীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মিজানুর রহমানকে ভোট দেওয়ার আহ্বানসংবলিত ভোটার স্লিপ সরবরাহ করার দায়ে দলের তিন কর্মীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলাম এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড়াইগ্রাম দাখিল মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের কিছু কর্মী মিজানুর রহমানকে ভোট দেওয়ার আহ্বানসংবলিত ভোটার স্লিপ বিতরণ করছেন—কয়েকজন ভোটারের এ অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলাম। তিনি গোলাম মোস্তফা, খাদেমুল ইসলাম ও মাহবুবুর রহমানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত তিনজন আওয়ামী লীগের কর্মী।