নাটোরে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ১০
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে নাটোর সদর উপজেলার হালসা বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। লুটপাটের আশঙ্কায় বাজারের শতাধিক দোকানপাট বন্ধ রাখা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হালসা বাজারের পল্লি চিকিৎসক আনিছুর রহমানের দোকানের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান আলীর সমর্থকদের সঙ্গে হালসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম সরকারের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আলম সরকার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। পরে আলম সরকারের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হালসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের বাড়িতে হামলা চালায়। হামলায় আনিছুর রহমান, তাঁর স্ত্রী জাহেরা বেগম (২৬), কামরুল (২৮), নজরুল (২৭) ও মোংলা সরকারসহ নয়জন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।হালসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম সরকার বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান আলীর ছেলে কামরুল এলাকায় ক্ষমতা বিস্তারের চেষ্টা করছে। প্রতিবাদ করায় তাঁদের মারপিট করেছে। তবে ওসমান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আলম সরকারের ছেলে মাসুম সরকার এলাকায় ডলার ব্যবসাসহ নানা তৎপরতা শুরু করলে তাঁরা প্রতিবাদ করেন। এই আক্রোশে তারা শহর থেকে মাস্তান নিয়ে এসে তাঁদের ওপর হামলা করেছে।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন মারামারির কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।