নাটোরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরতলির তেবারিয়ায় নছিমনের দুই টাকা ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে গতকাল শনিবার স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ২০টি গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছে পাঁচজন।নাটোর থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা একটার দিকে তেবারিয়া হাট এলাকার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবলু মেম্বারের ছেলে সুমন পীরগঞ্জ থেকে ভটভটিতে এসে দুই টাকা ভাড়া না দিয়ে চলে যাচ্ছিলেন। এ সময় একই দলের সহসভাপতি নাজিম-সমর্থিত স্ট্যান্ড মাস্টার রনি বাধা দেন। এতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে সুমন তাঁর লোকজনকে মুঠোফোনে ডেকে আনেন। এ সময় বাবুল মেম্বার-সমর্থিত আতাউর নামের একজনকে কুপিয়ে জখম করা হয়। ফলে বাবলু মেম্বারের লোকজন তিনটি ফাঁকা গুলি করে। প্রতিপক্ষ নাজিমের পক্ষের লোকজন ১৪-১৫টি গুলি করে পাল্টা জবাব দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আতাউরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা আড়াইটার দিকে বাবলু মেম্বারের লোকজন নাজিম উদ্দিনের জামাতা স্ট্যান্ড মাস্টার রনির বাড়ি ভাঙচুর করে। রনির দাবি, তাঁর বাড়িতে হামলা চালিয়ে টাকা ও গয়নাসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করা হয়েছে। তবে অভিযুক্ত সুমন ও দায়িত্বপালনরত পুলিশ বাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছে। সুমনের দাবি, তারা কোনো গুলি করেনি। গুলি করেছে প্রতিপক্ষের লোকজন।