নাটোরে আইনজীবীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের নেতার দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার নাটোর আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী আমেল খান চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন নাটোরের জেলা ও দায়রা জজ আদালত। শুনানি শেষে গতকাল রোববার দুপুরে আদালত জামিন নামঞ্জুর করেন। তবে ওই আইনজীবীর দায়ের করা জুয়া খেলাসংক্রান্ত অপর একটি মামলায় গতকাল যুবলীগের ওই নেতাসহ দুজন জামিন পেয়েছেন।
নাটোর জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হয় রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা সমিতির জ্যেষ্ঠ আইনজীবী আমেল খান চৌধুরীর। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের দায়ের করা রাষ্ট্রদ্রোহের ওই মামলায় আমেল খানকে গত ২৬ এপ্রিল রাতে গ্রেপ্তার করে পুলিশ। শুনানিতে আইনজীবীর পক্ষে অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক আবদুল কাদের।
রুহুল আমিন তালুকদার বলেন, অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের কোনো অভিযোগ নেই। তিনি একজন সৎ লোক ও প্রতিবাদী কণ্ঠ। তাঁর পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁদের পরিবারে এসেছিলেন। তিনি প্রতিহিংসার শিকার। তিনি জুয়া আয়োজনের বিরুদ্ধে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে যুবলীগের নেতা রুহুল আমিনসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। এই আক্রোশে রুহুল আমিন ওই মামলা করেন।
তবে রাষ্ট্রপক্ষ থেকে সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। আদালতকে তিনি বলেন, আসামি আমেল খান জুয়ার বিরোধিতার অজুহাতে সম্প্রতি সভা-সমাবেশ করে রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি আলেম-ওলেমাদের সরকারের বিরুদ্ধে উসকানি দিয়েছেন। তাঁকে জামিন দিলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে। উভয় পক্ষের শুনানি শেষে জেলা ও দায়রা জজ রেজাউল করিম আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এদিকে একই সময় যুবলীগের নেতা রুহুল আমিন ও ইদ্রিস আলী সদরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে তাঁদের বিরুদ্ধে আমেল খান চৌধুরীর দায়ের করা মামলায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
অবৈধভাবে জুয়া চালানোর অভিযোগে আইনজীবী আমেল খান চৌধুরী গত ১৮ এপ্রিল ওই মামলা করেন।