নাটোরের বাগাতিপাড়া উপজেলার একটি বিদ্যালয়ের মাঠ থেকে পুলিশ গত সোমবার ২১ ছাত্রকে আটক করেছে। গতকাল বিকেলে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এসব ছাত্রকে আটকের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে পুলিশ জানায়, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার রহিমানপুর উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে বিভিন্ন শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রদের আটক করে। এর আগে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের মাঠে ঘেরাও করে রাখেন। থানায় নেওয়ার পর তাদের রাতভর জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকেলে বাগাতিপাড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের বিশেষ পুলিশি পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।আটক ছাত্ররা হলো: বাগাতিপাড়ার স্বরূপপুর গ্রামের আল মামুন, মিশুক, আনিসুর রহমান; খামার বজরাপুরের শওকত আকবর, রবিন আলী, অপু আহমেঞ্চদ, সোহেল রানা, আবু রায়হান; বাজিতপুরের আরিফুল, নিফুল আলী, মজনু আলী, আতাউর রহমান, লিখন আলী; রহিমানপুরের মেহেদী হাসান, মুক্তার হোসেন, ইউসুফ আলী; জালালপুরের মহিদুল ইসলাম; শ্রীরামপুরের স্বাধীন; নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়া মহল্লার মিরাজ খান; বনবেলঘড়িয়া মহল্লার মিলন হোসেন ও পণ্ডিত গ্রামের চঞ্চল মাহমুদ। এদের মধ্যে কয়েকজন আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।নাটোরের পুলিশ সুপার কাইয়ুম-উজ-জামান খান বলেন, অরাজকতা সৃষ্টির অভিপ্রায়ে সংঘবদ্ধ হওয়ায় এদের আটক করা হয়েছে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিযোগ, আটক ছাত্ররা সবাই ছাত্রশিবিরের কর্মী। গতকাল দেশব্যাপী শিবিরের বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে তারা হয়তো একত্র হয়েছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, আটক ছাত্ররা জামায়াতের ছাত্রসংগঠনের সঙ্গে জড়িত। তারা অনিষ্ট সাধনের জন্যই সভা করছিল। তবে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফজলুর রহমান জানান, আটক ছাত্ররা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত নয়। মিথ্যা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।এদিকে এসব ছাত্রকে আটকের উদ্দেশ্য নিয়ে অভিভাবকেরা নানা প্রশ্ন তুলেছেন। গতকাল সকালে এই প্রতিনিধি স্থানীয় থানার সামনে গেলে আটক সন্তানদের জন্য অপেক্ষারত বাবা ও মায়েদের কান্নাকাটি করতে দেখা যায়। আটক স্বাধীনের বড় বোন কলেজছাত্রী এ্যানি বলেন, ‘আমার ভাই সবে এসএসসি পরীক্ষা শেষ করেছে। সে ফুফুর বাসা থেকে বাড়ি ফেরার পথে ওই মাঠে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। তখন তাকে পুলিশ ধরে নিয়ে যায়।’ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী শওকত আকবরের মা শরিফা বেগম বলেন, তাঁর ছেলে বাজারে গিয়েছিল। ফেরার পথে কিছু লোক তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।