নাটোরে আটজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আসামিদের আরও এক বছর করে সাজা ভোগ করতে হবে। আজ বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ রহিবুল ইসলাম এই দণ্ড দেন।

দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম ওরফে জিল্লুর রহমান, জামাল উদ্দিন, লিয়াকত আলী, আবু জিয়াদ, বাবু, মাহবুব আলম ও রবিউল ইসলাম। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে ছিলেন। পরে তাঁদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগারে নেওয়ার পথে আসামি জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’ তবে রায়ে সন্তুষ্ট মামলার বাদী আমিনুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৩১ মে রাতে আসামিরা বাদীর ভাতিজা আবদুল কুদ্দুসকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যান। তাঁরা কুদ্দুসকে আসামি জাহিদুলের বাড়িতে আটকে রেখে পিটিয়ে হত্যা করেন। জাহিদুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে কুদ্দুসকে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।