নাটোরে ইউপি চেয়ারম্যানকে গুলি ও কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলার রহমান
ফজলার রহমান

নাটোরের সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপ-জেলা আওয়ামী লীগের সদস্য ফজলার রহমানকে গতকাল শনিবার গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর মোটর-সাইকেলের চালকও আহত হন। ইউনিয়নের পারশাঐল গ্রামে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ফজলার রহমান উপজেলা সদরে এক সমন্বয় সভা শেষে মোটরসাইকেলযোগে পারশাঐল গ্রাম হয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যাচ্ছিলেন। পথে গ্রামের শাহপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি ও মোটরসাইকেলের চালক জাহেদুল ইসলাম (২৫) মাটিতে পড়ে যান। তখন দুর্বৃত্তরা তাঁদের কুপিয়ে গুরুতরভাবে আহত করে চলে যায়। স্থানীয়রা দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফজলার রহমান মারা যান।
আওয়ামী লীগের এই স্থানীয় নেতার নিহত হওয়ার খবরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নাটোর সদরের সাংসদ শফিকুল ইসলাম সদর হাসপাতালে যান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি ও কয়েকটি গুলির খোসা জব্দ করেছে। সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে ফজলার রহমানের লাশকে সিংড়ায় নিয়ে যাওয়া হয়।
সিংড়া থানা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান বলেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলম ইউপির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিলের সঙ্গে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, আহত জাহিদুলের কাছে তিনি ঘটনা শুনেছেন। আগের একটি হত্যাকাণ্ডের জের ধরে এ ঘটনা ঘটেছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আহত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর দেওয়া তথ্যমতে অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে আমাদের দুটি দল কাজ শুরু করেছে।’
হত্যাকাণ্ডের পর গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।