নাটোরে ইঞ্জিনের ধাক্কায় দুই বগির ২০ যাত্রী আহত
নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে গতকাল শনিবার সকালে আন্তনগর তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় দুটি বগির অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। ঘন কুয়াশার মধ্যে গতিপথ পরিবর্তনের সময় ইঞ্জিন ঘুরাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।আব্দুলপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি সকাল আটটায় আব্দুলপুর জংশনে আসে। গতিপথ পরিবর্তনের জন্য ইঞ্জিন ঘুরিয়ে পুনরায় বগির সঙ্গে যুক্ত করার সময় প্রচণ্ড ধাক্কা লাগে। এতে ‘ক’ ও ‘খ’ বগির জানালা ও দরজা দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন। এ ঘটনায় দুটি বগির অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের আব্দুলপুর, লালপুর ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ক্ষতিগ্রস্ত বগি দুটি নাটোর স্টেশনে রেখে প্রায় দুই ঘণ্টা বিলম্বে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়।তিতুমির এক্সপ্রেস ট্রেনের গার্ড (পরিচালক) বি কে দাস বলেন, ঘন কুয়াশা থাকায় ট্রেনের চালক আবদুর রশিদ সিগন্যাল বুঝতে পারেননি। ইঞ্জিনের ধাক্কায় ক ও খ বগির চাকার প্লেট সরে গেছে।