নাটোরে ও পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
নাটোর সদর উপজেলার সৈয়দপুর মোড়ে আজ শুক্রবার সকালে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।
অন্যদিকে পঞ্চগড়ের সদর উপজেলার জগদল নামক এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর...
নাটোর: ঝলমলিয়া মহাসড়ক পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের সৈয়দপুর এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী দেশ ট্রাভেলস নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার ছয়জন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মাসুদ আলম (৩২) ও অজ্ঞাত আরেকজন মারা যান। অজ্ঞাত দুজনের বয়স আনুমানিক ৩২ ও ৩৫ বছর। নিহত তিনজনের লাশ নাটোর সদর হাসপাতালে রয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, চিকিত্সাধীন আহত ব্যক্তিরা আশঙ্কামুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।
পঞ্চগড়: পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে জগদল নামক এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজন হলেন—সদর উপজেলার বসুনিয়াপাড়া গ্রামের খোরশেদ আলম (৫৫), গোয়ালঝাড় গ্রামের সলিমুল (৪৮) ও ঠুটাপাখুড়ির সালাউদ্দিন (৪৫)।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।