নাটোরে কলেজ অধ্যক্ষসহ তিন শিক্ষককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষককে সরকার-সমর্থক কয়েকজন ছাত্র পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অধ্যক্ষের অপসারণ দাবিতে অবরোধ চলাকালে গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ সময় অধ্যক্ষের কক্ষে ভাঙচুরও চালানো হয়।আহত শিক্ষকদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষকেরা গতকাল থেকে কর্মবিরতি শুরু করছেন।নাটোর থানার সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে কলেজের সাবেক ছাত্র আনিছুর রহমানের নেতৃত্বে কিছু ছাত্র ও বহিরাগত সন্ত্রাসী দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাঁকে বের হয়ে যেতে বলেন। অধ্যক্ষ বের না হয়ে ধমক দিলে কয়েকজন ছাত্র তাঁকে টেনে-হিঁচড়ে কক্ষ থেকে বের করেন। একপর্যায়ে তাঁরা চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং চেয়ারের ভাঙা অংশ দিয়ে অধ্যক্ষ ও দুই শিক্ষককে বেদম পিটুনি দিয়ে চলে যান। হামলায় গুরুতর আহত শিক্ষকেরা হলেন অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ (৪২), ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল হক (৫২), বাংলা বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা (৪১) ও পিয়ন মনিরুল ইসলাম (৩২)। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে অপর শিক্ষকেরা তাত্ক্ষণিকভাবে নাটোর-ঢাকা মহাসড়কে বেঞ্চ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় দত্তপাড়া বাজার থেকে হামলাকারীরা আবারও লাঠি ও ইটপাটকেল নিয়ে শিক্ষকদের ওপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা চলে যায়।চিকিৎসাধীন প্রভাষক গোলাম মোস্তফা অভিযোগ করেন, ‘নাটোর সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি আফাজ উদ্দিন কলেজের ব্যবস্থাপনা কমিটিতে স্থান না পাওয়ায় তাঁর নির্দেশে সরকার-সমর্থক কিছু ছাত্র ও বহিরাগত যুবক আমাদের ওপর হামলা চালিয়েছে।’ তবে আফাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি কাউকে মারপিট করার নির্দেশ দিইনি।’অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ অভিযোগ করে বলেন, ‘আমার কলেজের সাবেক ছাত্র আনিছুরের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী ও বহিরাগতরা এ হামলা চালিয়েছে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব।’অভিযোগের ব্যাপারে আনিছুর রহমান বলেন, তারা শিক্ষকদের ওপর হামলা করেননি শিক্ষকরাই লাঠিসোঁটা নিয়ে তাদের তাড়া করেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।