নাটোরে কাজ না পেয়ে প্রকৌশলীকে যুবলীগ কর্মীদের মারধর
নাটোরে দাবি অনুযায়ী ঠিকাদারি কাজ না পেয়ে গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলীকে যুবলীগের কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে যুবলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে গতকাল বুধবার মামলা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, জেলা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবিল আয়াম গত মঙ্গলবার দুপুরে শহরের ভবানীগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা ভবন নির্মাণের কাজ তদারক করছিলেন। এ সময় ১৫-২০ জন যুবক তাঁকে ঘিরে ধরেন। তাঁরা তাঁকে জানান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাঁদের পাঠিয়েছেন। তাঁরা গণপূর্ত বিভাগের ঠিকাদারির সব কাজ তাঁদের দেওয়ার দাবি জানান। এতে আবিল আয়াম রাজি না হলে তাঁরা তাঁকে বেদম মারধর করেন। একপর্যায়ে তাঁকে একটি নির্জন ঘরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। উপস্থিত আরেক উপবিভাগীয় প্রকৌশলী রুহুল আমীন ও শ্রমিকেরা এ সময় বাধা দিলে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়। যুবকেরা রুহুল আমীনের মুঠোফোন ও টাকা কেড়ে নেন এবং কাজ বন্ধ করে দেন। পরে পুলিশ আবিল আয়ামকে উদ্ধার করে।ওই ঘটনায় আবিল আয়াম সদর থানায় যুবলীগের কর্মী সাগর মণ্ডল, গোবিন্দ, টুটুল, সেন্টু, মিন্টুসহ ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।