নাটোরে কোহিনুরকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
পুলিশের তালিকাভুক্ত জঙ্গি মাসুদ রানার স্ত্রী কোহিনুর আক্তার ওরফে কলির (১৯) রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে তিন দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত। আজ মঙ্গলবার দুপুরে আদালত এ আদেশ দেন।
শনিবার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কক্সবাজার থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাটোর আদালত পুলিশ পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, সন্দেহভাজন জঙ্গি কোহিনুরের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশের গোয়েন্দা শাখা। তাঁর আইনজীবী আদালতকে জানান, কোহিনুর সন্তানসম্ভবা। তাঁর কাছ থেকে অবৈধ কিছু পাওয়া যায়নি। শুনানি শেষে আদালত তাঁর রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। তবে তিন দিন কারাফটকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন। পরে তাঁকে নাটোর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) আবদুল হাই জানান, জঙ্গি মাসুদ রানা ওরফে হোসেইন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে। সর্বশেষ শনিবার রাতে তাঁকে একটি বাস থেকে আটক করা হয়। নাটোরের একটি সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে জঙ্গি মাসুদ এবং তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের জন্য নাটোর পৌরসভার কাউন্সিলর নান্নু শেখসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।