নাটোরে গণমনস্তাত্ত্বিক রোগে পাঁচ ছাত্রী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর উচ্চবিদ্যালয়ের পাঁচ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।

অসুস্থ ছাত্রীরা হলো সপ্তম শ্রেণির সুমাইয়া খাতুন, সোনিয়া খাতুন, দোলা পারভিন, ও শারমিন সুলতানা এবং নবম শ্রেণির ছাত্রী আবেদা খাতুন।

চিকিৎসাধীন ছাত্রীরা জানায়, বেলা পৌনে একটার দিকে কমনরুমে এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তার দেখাদেখি অন্য ছাত্রীরাও অজ্ঞান হয়ে পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিক ইকবাল বলেন, পাঁচ ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। এতে আশঙ্কার কিছু নেই। চিকিৎসা চলছে।