নাটোরে গলা ফোলা রোগে ১১ মহিষের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলায় পশুর সংক্রামক রোগ হিমোরেজিক সেপ্টিসিমিয়া বা এইচএসে গত এক সপ্তাহে ১১টি মহিষের মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে এটি গলা ফোলা রোগ নামে পরিচিত। রোগটি যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য এলাকায় তিন সদস্যের চিকিৎসক দল এরই মধ্যে কাজ শুরু করেছে।জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, উপজেলার মাধবপুর গ্রামের নাজিম উদ্দিন ৩ আগস্ট একপাল মহিষ নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার হরিপুরচরে যান। সেখানে দুই দিনে তাঁর দুটি মহিষ মারা যায়। পরে তাঁরা মহিষের পাল নিয়ে লালপুরের গোপালপুর কৃষি খামারে এলে সেখানে আরও দুটি মহিষ মারা যায়। এভাবে গত সাত দিনে তাঁর ১১টি মহিষ মারা যায়। খবর পেয়ে গত মঙ্গলবার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার, জয়পুরহাটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নুরুল আমিনের নেতৃত্বে একটি দল লালপুরের বিভিন্ন গ্রাম পরিদর্শন করে। এ সময় তাঁরা আক্রান্ত ও মৃত মহিষের রক্ত, লালা ও মলমূত্র সংগ্রহ করেন। রোগ নিশ্চিত হওয়ার পর উপজেলায় তিন সদস্যের চিকিৎসক দল পাঠানো হয়েছে।নাজিম উদ্দিন জানান, বাড়িতে মহিষ পালনের স্থান না থাকায় এসব পশুর পাল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এভাবে চরাতে গিয়েই তাঁর মহিষগুলো মারা যায়।জয়পুরহাটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুল আমিন বলেন, ব্যাকটেরিয়া-বাহিত সংক্রামক রোগ এই গলা ফোলা। এটি মহিষ থেকে মানুষে সংক্রমিত না হলেও গরুতে হতে পারে। এতে পশুর ১০৬ ডিগ্রির ওপরে জ্বর হয়, গলা ও পেট ফুলে যায় এবং শ্বাসকষ্ট হয় ও লালা ঝরে। যথাযথ চিকিৎসা না হলে দুই দিনেই পশুর মৃত্যু হয়। লালপুর প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই রোগ প্রতিরোধে আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। এরই মধ্যে সাড়ে চার শ গরু-মহিষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।’জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ টি এম ফজলুল কাদের মৃত পশু পানিতে বা খোলা জায়গায় না ফেলে কমপক্ষে পাঁচ-ছয় ফুট মাটির নিচে পুঁতে ফেলার পরামর্শ দেন।