নাটোরে গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের স্থানীয় নেতা ফজলার রহমানকে (৫৬) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সিংড়া উপজেলার পারশৌইল মহল্লায় এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে চড়ে কলম ইউনিয়ন থেকে শৌইল গ্রামে যাচ্ছিলেন তিনি। ভাইয়ের ছেলে জিল্লুর রহমান মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে শৌইল গ্রামের পারশৌইল এলাকায় পৌঁছলে কয়েকজন মোটরসাইকেল আরোহী তাঁদের পথরোধ করে গুলি চালায়। এতে ফজলারের শরীরে গুলি লাগে। তিনি ও জিল্লুর মোটরসাইকেল থেকে পড়ে গেলে সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের দুজনকেই জখম করে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশে রওনা দেওয়ার পরপরই ফজলার মারা যান। তাঁর মরদেহ নাটোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত ফজলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এক সময় তিনি বিএনপির রাজনীতি করতেন বলে এলাকাবাসী জানিয়েছে।