নাটোরে গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদরের কসবাপীরগঞ্জ গ্রামের গৃহবধূ নাদিরা বেগমকে (২২) পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি দেবর সুমন আলী (২০) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন। নাটোর থানা সূত্রে জানা যায়, সুমন গতকাল সকালে রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে বোন শলকি বেগমের বাড়িতে যান। তখন তাঁরা সুমনকে ধরে নাদিরার স্বামী ইসমাইল হোসেনের (সুমনের ভাই) বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরে সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম গিয়ে সুমনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।দুপুরে সুমনকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করে সাংবাদিকদের মুখোমুখি করা হয়। এ সময় সুমন ভাবি নাদিরাকে পুড়িয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁকে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। সেখানে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহামুদুল হাসানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।সুমন বলেন, ভাবি নাদিরা তাঁকে প্রায়ই গালাগাল করতেন। এ ছাড়া তাঁর মা শামসুন্নাহার বেগমের সঙ্গে অকারণে ঝগড়া করতেন। এ কারণে তিনি ও তাঁর মা নাদিরাকে হত্যার পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে কসবাপীরগঞ্জ গ্রামের ঘরে মা ও ছেলে নাদিরার (২২) হাত-পা রশি দিয়ে বাঁধেন। পরে তাঁরা নাদিরার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দেন এবং আগুন আগুন বলে চিৎকার করেন। শনিবার ভোররাত চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাদিরার মৃত্যু হয়। এ ঘটনায় নাদিরার বাবা মামলা করলে গত রোববার শাশুড়ি শামসুন্নাহারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন জেলহাজতে আছেন।