নাটোরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি বাজারে বৃহস্পতিবার রাতে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুই বৃদ্ধ মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গড়মাটি গ্রামের পশ্চিমপাড়ার আবদুস সাত্তার গড়মাটি বাজারে ধানের কুঁড়া কিনতে আসেন। এখানে কদমতলা গ্রামের বাদশা মিয়ার সঙ্গে তাঁর জমিজমা নিয়ে কথাকাটি শুরু হয়। তাঁদের সঙ্গে বাজারে থাকা উভয় পক্ষের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ ইট ও লাঠি নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে পশ্চিম পাড়ার আবদুস সাত্তার (৬০) মারা যান। কদমতলা গ্রামের গুরুতর আহত আবু সামা শেখকে (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আশেপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আবদুস সাত্তারকে হত্যার ব্যাপারে তাঁর ছেলে ছলিম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।